অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল, শেষ ম্যাচেও বড় হার
- 1
দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে আলাদা সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
- 2
সুইমিংপুলে পরীমনির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল, কয়েক ঘণ্টায় ১৬ লাখ ভিউ
- 3
নুসরাত ফতেহ আলী খানের শেষ দিনগুলো: অসুস্থ শরীরেও থামেনি সংগীতচর্চা
- 4
মাছরাঙার ইনস্টাগ্রামে তারকাদের ভুয়া ভিডিও: হ্যাকের দাবি
- 5
চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট বার্সেলোনা? ফ্লিকের সতর্ক বার্তা, ‘পথটা অনেক দীর্ঘ’

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল, শেষ ম্যাচেও বড় হার
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল, শেষ ম্যাচেও বড় হার
অস্ট্রেলিয়া সফরের শেষটা মোটেও ভালো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ব্রিসবেনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য মাত্র ১৬৪ বলেই পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া। হাতে ছিল ৮ উইকেট। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকেরা।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের মোট রানের ১০৪ এসেছে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। তিন নম্বরে ব্যাট করতে নামা শারমিন ৯৩ বলে ৮টি চারের সাহায্যে করেন ৫০ রান। ছয়ে নামা স্বর্ণা ৭১ বলে ৫৪ রান করেন। ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলা স্বর্ণা চার মেরেছেন ৪টি।
এই দুজন ছাড়া বাংলাদেশের হয়ে দুই অঙ্কের রান পেয়েছেন কেবল রাবেয়া খান ও দিশা বিশ্বাস। আট ও নয় নম্বরে ব্যাট করতে নেমে দুজনই করেন ১৩ রান। স্বর্ণা আউট হলেও ওয়ানডে অভিষেকে অপরাজিত থাকেন দিশা।
শুরুতেই বিপর্যয়, শারমিন-স্বর্ণার লড়াই
বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পাশাপাশি রান তুলতেও ভুগেছে দল। অধিনায়ক নিগার সুলতানা মাত্র ৩ রান করে ফিরলে ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৮ রানে ৩ উইকেট। এরপর সোবহানা মোস্তারিও ফিরে যান ৪৫ রানের মাথায়। আগের ম্যাচে সেঞ্চুরি করা এই ব্যাটার এবার ২৪ বলে করেন মাত্র ৯ রান।
বাংলাদেশের প্রথম চারটি উইকেটই তুলে নেন অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট। ১০ ওভার বোলিং করে মাত্র ১৬ রান দিয়ে ৫টি মেডেন আদায় করেন তিনি।
এমন বিপর্যয়ের মধ্যে শারমিন ও স্বর্ণা ৫৪ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। শারমিনের বিদায়ে ভাঙে এই জুটি। পরে ৪৯তম ওভারে দলীয় ১৬৫ রানে অষ্টম ব্যাটার হিসেবে আউট হন স্বর্ণা। শেষ পর্যন্ত ১৭২ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

পেরি-সাদারল্যান্ডের ব্যাটে সহজ জয় অস্ট্রেলিয়ার
লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়াও শুরুতে দুটি উইকেট হারিয়েছিল। ১৩ রানে প্রথম এবং ৩৮ রানে দ্বিতীয় উইকেট পড়ে স্বাগতিকদের। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড।
দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয় অস্ট্রেলিয়া। পেরি ৬৪ বলে ৮টি চারের সাহায্যে ৬৫ রান করেন। অন্যদিকে সাদারল্যান্ড মাত্র ৫২ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ১২টি চার।
তৃতীয় উইকেটে তাদের দৃঢ় ব্যাটিংয়ে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ আধিপত্য দেখিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করল স্বাগতিক দল।















