৯ মাসে বিনোদন অঙ্গনের আলোচিত চার বিচ্ছেদ, গুঞ্জন থেকে প্রকাশ্যে যেভাবে
- 1
বাংলাদেশ ভ্রমণ ম্যাপ, আমার বাংলাদেশ। যেভাবে বানাবেন ভ্রমণ ম্যাপের ছবি
- 2
মদরিচের ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে উড়িয়ে ইংল্যান্ডের গোলবন্যা
- 3
পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন শোয়েব আখতার, মায়ের পরামর্শে দূরে থাকছেন
- 4
সাত গোলের মালায় বুরকিনা ফাসোকে ‘বরণ’ আর্জেন্টিনার
- 5
এস্তেভাও-লিনোর গোলে কলকাতায় ভারতকে ৪-০ হারাল ব্রাজিল

৯ মাসে বিনোদন অঙ্গনের আলোচিত চার বিচ্ছেদ, গুঞ্জন থেকে প্রকাশ্যে যেভাবে
৯ মাসে বিনোদন অঙ্গনের আলোচিত চার বিচ্ছেদ, গুঞ্জন থেকে প্রকাশ্যে যেভাবে
চলতি বছরের শুরু থেকে দেশের বিনোদন অঙ্গনের একাধিক তারকার ব্যক্তিজীবনে এসেছে বড় পরিবর্তন। কারও বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার আগে ছড়িয়েছে গুঞ্জন, কেউ দীর্ঘদিন বিষয়টি আড়ালে রেখেছেন। আবার কেউ বিচ্ছেদের পর নতুন করে বিয়ে করে জানিয়েছেন আগের সম্পর্কের ইতি টানার কথা।
সবশেষ রোববার গভীর রাতে আলাদা সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান গায়ক প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। মুহূর্তেই ছড়িয়ে পড়ে তাঁদের বিচ্ছেদের খবর।
গত ৯ মাসে আলোচনায় আসা কয়েকটি বিচ্ছেদের ঘটনা ফিরে দেখা যাক।
গুঞ্জনই সত্য হলো তাহসানের ক্ষেত্রে
বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই গায়ক তাহসান খান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। বছরের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়।
তবে শুরুতে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি দুজনের কেউ। পরে সেই গুঞ্জনই সত্যি হয়। প্রথম আলোর সঙ্গে আলাপে তাহসান বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, তাঁদের বিচ্ছেদের ঘটনা সত্য। তবে তখনই বিস্তারিত জানাতে চাননি তিনি।

বিচ্ছেদের পর নতুন জীবনের কথা জানান মৌসুমী
অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানার সংসার ভাঙার খবরও প্রথমে গুঞ্জন হিসেবেই ছড়িয়েছিল। মার্চে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে তাঁদের বিচ্ছেদের খবর আলোচনায় আসে।
পরে মৌসুমী জানান, বছরের শুরুতেই তাঁদের সংসারজীবনের ইতি ঘটেছে। তবে বিচ্ছেদের সঠিক সময় বা কারণ নিয়ে বিস্তারিত বলতে চাননি তিনি।
জুলাইয়ে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। একটি অনুষ্ঠানে নতুন স্বামীকে নিয়ে হাজির হয়ে জানান, আবু সাইয়িদ রানার সঙ্গে তাঁর বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে নতুন করে বিয়ে ও মা হওয়ার খবরও প্রকাশ্যে আসে।
মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানা ২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেছিলেন।
স্বামীর পোস্টে প্রকাশ্যে আসে সালমার বিচ্ছেদ
কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ও আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরের সাত বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটে ২০২৫ সালের ২৯ নভেম্বর। তবে খবরটি প্রকাশ্যে আসে আরও পরে।
বছরের শেষ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের কথা জানান সানাউল্লাহ। তাঁর ভাষ্য, পারস্পরিক মতের অমিল এবং চিন্তা ও মানসিকতার দূরত্বের কারণেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নতুন বছরের শুরুতেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে সালমাও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বিচ্ছেদ নিয়ে আর ভাবতে চান না; বরং গানে মন দিতে চান। সাবেক স্বামীর প্রতি ভালোবাসা ও সম্মান রয়েছে বলেও জানান তিনি। মেয়ের বাবা হিসেবে সানাউল্লাহর প্রতি তাঁর সম্মান সব সময় থাকবে বলেও উল্লেখ করেন সালমা।
গভীর রাতে এল প্রীতম–শেহতাজের বিচ্ছেদের খবর
সবশেষ রোববার গভীর রাতে সামনে আসে প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর। দুজনই আলাদা সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তাঁদের দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান।
প্রীতম জানান, প্রায় এক দশকের পথচলার পর তাঁরা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। সময়ের সঙ্গে তাঁদের পারস্পরিক বোঝাপড়ায় কিছু বড় পার্থক্য তৈরি হয়েছে। তাই আলাদা পথে এগিয়ে যাওয়াকেই দুজনের জন্য ভালো মনে করছেন তাঁরা।
তাঁর ভাষ্য, সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি। দীর্ঘ আলোচনা ও অনেক ভেবেচিন্তে, দুই পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।
শেহতাজও নিজের পোস্টে একই সিদ্ধান্তের কথা জানান। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, প্রীতমের প্রতি তাঁর সম্মান ও শুভকামনা থাকবে। একই সঙ্গে এই সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেন দুজনই।
প্রীতম ও শেহতাজের সম্পর্কের শুরু ২০১৭ সালে ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে। সেখান থেকেই প্রেম। প্রায় পাঁচ বছরের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে বিয়ে করেন তাঁরা। প্রায় চার বছরের দাম্পত্যের পর এবার আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন দুজন।















