Image

আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন হুলিয়ান আলভারেজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 49 মিনিট আগে
আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন হুলিয়ান আলভারেজ

আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন হুলিয়ান আলভারেজ

আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন হুলিয়ান আলভারেজ

গোল করে দলকে জেতানোর পর এবার আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন হুলিয়ান আলভারেজ। বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার ধরন নিয়ে সমর্থকদের মনে যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা বুঝতে পারছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

গতকাল লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে আতলেতিকোর ১–০ গোলের জয়ে একমাত্র গোলটি করেন আলভারেজ। গুরুত্বপূর্ণ এই গোলের মাধ্যমে দলের জয়ে অবদান রাখার পাশাপাশি নিজের হারানো ছন্দও ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বার্সেলোনায় যাওয়ার প্রসঙ্গে বিশ্বকাপ চলাকালে দেওয়া নিজের বক্তব্য নিয়ে মুভিস্টারকে আলভারেজ বলেন, “বিশ্বকাপ চলাকালে আমার বলা কথাগুলোর জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাই। আমি যেভাবে কথাগুলো বলেছি এবং যে সময়ে বলেছি, সেটা ভুল ছিল।”

মৌসুমের শুরুর দিকে মাঠে নামলে গ্যালারির একাংশের দুয়ো শুনতে হয়েছিল তাঁকে। সমর্থকদের প্রতিক্রিয়ার কারণও বুঝতে পারছেন এই ফরোয়ার্ড।

আলভারেজ বলেন, “সমর্থকেরা কেন ক্ষুব্ধ হয়েছেন, তা আমি বুঝতে পারছি। আতলেতিকোয় আসার পর থেকে তাঁরা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, তা বিবেচনায় নিলে তাঁদের প্রতিক্রিয়া স্বাভাবিক। তাঁরা আমার প্রতি অনেক উদারতা দেখিয়েছেন। এখন আমার কাজ করার এবং নিজের সবটুকু দেওয়ার সময়।”

নিজের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর ভাষায়, “আমি ক্রমেই ভালো অনুভব করছি। সব সময়ই সমর্থন পেয়েছি। নিজের উন্নতির জন্য কাজ করছি। শারীরিকভাবেও আগের চেয়ে ভালো বোধ করছি। জীবনে যখন ভালো থাকেন, তখন তার প্রভাব মাঠেও দেখা যায়। আমরা পেশাদার খেলোয়াড় হলেও জীবনের অন্যান্য বিষয় আমাদের ওপর প্রভাব ফেলে।”

দেপোর্তিভোর বিপক্ষে গোল করার পর অনেক সমর্থক তাঁকে করতালি দিয়ে অভিনন্দন জানান। তবে গ্যালারির একটি অংশের অসন্তোষ পুরোপুরি কাটেনি। অর্থাৎ, মাঠের পারফরম্যান্সে আস্থা ফেরানোর পাশাপাশি সমর্থকদের মনও জিততে হবে আলভারেজকে।

আর্জেন্টাইন স্ট্রাইকারের ক্ষমা চাওয়াকে ইতিবাচকভাবে নিয়েছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যাঁরা ক্ষমা চান, তাঁদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। কারণ, ক্ষমা চাওয়াটা সহজ নয়। আলভারেজের জন্য আমি খুব খুশি। আমার মনে হয়, এখন সে অনেকটা স্বস্তি অনুভব করছে। খেলোয়াড় হিসেবে আলভারেজকে নিয়ে আমি দারুণ খুশি। আমাদের তাকে প্রয়োজন।”

লা লিগায় আতলেতিকোর হয়ে আট মাসের মধ্যে এটিই ছিল আলভারেজের প্রথম গোল। নিজেদের মাঠে লিগে এর আগে সর্বশেষ গোল করেছিলেন ২০২৫ সালের নভেম্বরে। তবে চার দিন আগে চ্যাম্পিয়নস লিগেও গোল করেছিলেন তিনি। সাম্প্রতিক এই পারফরম্যান্সে ধীরে ধীরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন আর্জেন্টাইন তারকা।

দেপোর্তিভোর বিপক্ষে জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছে আতলেতিকো। দলের জন্য গোলটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আলভারেজের জন্যও এটি সমর্থকদের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলার সুযোগ। ক্ষমা চাওয়ার পর মাঠের পারফরম্যান্স দিয়ে সমর্থকদের আস্থা ফেরাতে পারবেন কি না, সেটিই এখন দেখার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three