ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, হেগসেথের সঙ্গে বৈঠক

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, হেগসেথের সঙ্গে বৈঠক
ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, হেগসেথের সঙ্গে বৈঠক
ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের সরকার পরিবর্তন নিয়ে আলোচনার কথা জানিয়েছেন তিনি। একই সময়ে ইসরায়েলে অঘোষিত সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৈঠকে ইরানসহ আঞ্চলিক হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার অঘোষিত সফরে ইসরায়েলে যান হেগসেথ। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান নিশ্চিত করেন, নেগেভ মরুভূমি অঞ্চলের উভদা বিমানঘাঁটিতে নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হয়েছে। স্পিলম্যান রয়টার্সকে জানান, বৈঠকে আঞ্চলিক হুমকি মোকাবিলায় আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক—দুই ধরনের কৌশল এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।
ইরানের সরকার পরিবর্তনের কথা ট্রাম্পের সঙ্গে
নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ইরানের সরকারকে ক্ষমতা থেকে সরানোর বিষয়ে তিনি ট্রাম্পের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। তার ভাষায়, ‘আমরা ইরানের সরকারের পতন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। গতকালসহ বহুবার আমি এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছি।’
এর আগে নেতানিয়াহু বলেছিলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন প্রয়োজন। তবে তিনি চলতি ইসরায়েলি নির্বাচনের আগেই ইরানের সরকার পড়ে যাবে—এমনটা বাস্তবসম্মত মনে করেন না বলেও জানিয়েছিলেন।
অঘোষিত সফরে হেগসেথ
হেগসেথের ইসরায়েল সফরটি এমন এক সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ইরানকে ঘিরে উত্তেজনা আবার বাড়ছে। উভদা বিমানঘাঁটিতে বৈঠকের বিষয়ে পেন্টাগন প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেনি। হেগসেথ অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যপ্রাচ্যসহ সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় মার্কিন সেনাদের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন।
সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলার খবরও এসেছে। তবে নতুন করে বড় ধরনের হামলা কবে বা আদৌ হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত ঘোষণা দেওয়া হয়নি।
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাব এরই মধ্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি বাজারে পড়েছে। হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনাও আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।















