স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮
- 1
ব্যালন ডি’অরের রাতে সানসা স্টার্ক, বার্না বয় ও আরও তারকার ঝলক
- 2
মাও সে–তুংকে নিয়ে মিমের বিতর্কে এমবাপ্পে, সম্পর্ক ছিন্ন করল চীনের দুই প্রতিষ্ঠান
- 3
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন, এক নজরে
- 4
ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- 5
ব্যালন ডি’অর বিজয়ীদের তালিকা: ১৯৫৬ থেকে ২০২৬

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮
স্পেনের তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে উর্দার কাছে মাদ্রিদ–আন্দালুসিয়া উচ্চগতির রেলপথে দুর্ঘটনাটি ঘটে। এতে বহু মানুষ আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনায় রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি এভিই ট্রেন সামনে দাঁড়িয়ে থাকা বেসরকারি রেল অপারেটর ইরিওর একটি দ্রুতগতির ট্রেনে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢালে পড়ে যায়।
দুই ট্রেনে ছিলেন ৫৪৪ যাত্রী
কাস্তিয়া লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্থার পাদিয়ার তথ্য অনুযায়ী, ইরিওর ট্রেনে ছিলেন ১৪৭ জন যাত্রী, যাদের মধ্যে একটি শিশুও ছিল। অন্যদিকে রেনফের এভিই ট্রেনে ছিলেন ৩৯৭ জন। অর্থাৎ দুর্ঘটনার সময় দুটি ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, দমকলকর্মী ও অন্যান্য জরুরি সেবার সদস্যরা সেখানে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। আহতদের চিকিৎসার জন্য তোলেদোসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল প্রস্তুত রাখা হয়।
ভয়াবহ দৃশ্যের বর্ণনা প্রত্যক্ষদর্শীর
ইরিও ট্রেনের এক যাত্রী জানান, সংঘর্ষের সময় প্রচণ্ড ধাক্কায় তিনি সামনে ছিটকে পড়েন। পরে নিরাপদ স্থানে যেতে ট্রেন থেকে নেমে ঢাল বেয়ে নিচে নামেন।
সেখানে তিনি দেখতে পান, ট্রেনের কয়েকটি অংশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বগিতে আগুন জ্বলছে। ঘটনাস্থলের দৃশ্য বর্ণনা করতে গিয়ে তিনি মৃতদেহ দেখার কথাও জানান।
লস ইয়েবেনেসের মেয়র ইয়েসুস পেরেস মার্তিনও দুর্ঘটনাস্থলের ভয়াবহতার কথা জানান। তাঁর ভাষ্য, ঘটনাস্থলে গুরুতর আহত মানুষ এবং অঙ্গহানির খবর পাওয়া যাচ্ছিল।
রক্তদানের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া আহতদের চিকিৎসায় সহায়তার জন্য মানুষকে রক্তদানের আহ্বান জানিয়েছেন। উদ্ধারকাজ চলার পাশাপাশি আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি জানিয়েছেন। দুর্ঘটনার কারণে তিনি নিজের নির্ধারিত কিছু কর্মসূচিও বাতিল করেন।
একই রেলপথে নয় মাসের ব্যবধানে দ্বিতীয় বড় দুর্ঘটনা
এই দুর্ঘটনার মাত্র নয় মাস আগে একই উচ্চগতির রেলপথে রেনফে ও ইরিওর ট্রেন দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন। জানুয়ারির ওই দুর্ঘটনার পর দেশটির রেল নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছিল।
এবারের দুর্ঘটনাও একই রেল করিডরে হওয়ায় স্পেনের উচ্চগতির রেলব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মাদ্রিদ–আন্দালুসিয়া রেল যোগাযোগ বন্ধ
দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের উচ্চগতির রেল যোগাযোগ স্থগিত করা হয়েছে। রেনফে জানিয়েছে, দুর্ঘটনার কারণে মাদ্রিদ, সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে সংকেতব্যবস্থার ত্রুটি ও মানবিক ভুলের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে উদ্ধারকাজ ও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।















